সমাজকর্মীদের ধড়পাকড়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল মহারাষ্ট্র সরকার
বাঁ দিকে থেকে, ভারভার রাও, সুধা ভরদ্বাজ ও গৌতম নওলাখা। মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে মঙ্গলবার এই তিন জন-সহ পাঁচ সমাজকর্মীকে গ্রেফতার করেছিল পুণে পুলিশ। দুই সমাজকর্মীকে গ্রেফতার করতে গিয়ে গত কালই আদালতে ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্রের পুলিশ। গৌতম নওলাখা এবং সুধা ভরদ্বাজকে পুলিশি হেফাজতে নেওয়ার বদলে বাড়িতেই নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছিল দিল্লি ও পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। আজ ভারাভারা রাও-সহ বাকি তিন জনের ক্ষেত্রেও সর্বোচ্চ আদালতে আর এক প্রস্ত মুখ পুড়ল পুলিশের। তাঁদেরও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলল, বিরুদ্ধ মতই গণতন্ত্রের 'সেফটি ভাল্ভ'। তা না-থাকলে প্রেশার কুকারটাই ফেটে যাবে। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যোগ এবং মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে মঙ্গলবার এই পাঁচ সমাজকর্মীকে গ্রেফতার করেছিল পুণে পুলিশ। তাঁদের মধ্যে ভারাভারা রাও, ভার্নন গঞ্জালভেস এবং অরুণ ফেরেরাকে নিয়ে যাওয়া হয়েছিল পুণেতে। আজ সুপ্রিম কোর্ট বলেছে, আপাতত পাঁচ জনের কাউকেই পুলিশি হেফাজতে পুণেতে নিয়ে যাওয়া যাবে না। ৬ সেপ্টেম্বরের পরবর্তী শুনানি পর্যন্ত নিজেদের বাড়িতেই গৃহবন্দি করে রাখা যেতে প...