আজ ডিএ মামলার রায়, হাইকোর্টে ধাক্কা খেতে পারে সরকার
ঘোষিত হবে ডিএ (মহার্ঘ ভাতা) মামলার রায়। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের দায়ের করা এই মামলার শুনানি আগেই শেষ হয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির রায় দেবে। অধীর আগ্রহে রায়ের প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তবে, তার মধ্যেই কেন্দ্রীয় সরকার আরও এক দফা ডিএ ঘোষণা করেছে। ফলে রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বেড়ে গেল। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মী সংগঠনগুলির টানাপড়েন অনেক দিন ধরেই চলছে। আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন কনফেডারেশনের তরফ থেকে প্রথমে রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করা হয়। তার পরে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি ববি শরাফের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সিপিএম এবং বিজেপি-র কর্মী সংগঠনও শুনানিতে সামিল হয়। শুক্রবার হাইকোর্ট সেই মামলারই রায় ঘোষণা করতে চলেছে। মামলার শুনানি চলাকালীন দুই বিচারপতি যে সব পর্যবেক্ষণ প্রকাশ করেছিলেন, তাতে মামলাকারীরা রায় নিয়ে আশাবাদী। ডিএ কখনওই কর্মীদের অধিকার নয়— রাজ্য সরকারের তরফ থেকে এমনই সওয়াল করা হয়েছিল হাইকোর্টে।...